Subscribe Us

সেভাবে পারলেই এসো ______হাসান ফরিদ

 সেভাবে পারলেই এসো

______হাসান ফরিদ।

যদি থাকে পিছটান। দোটানায় থাকে মন। তবে টুং-টাং

চায়ের কাপের; গরম থেকে ঠাণ্ডা হওয়ার। এক টুকরো 

বিকেলের সমান; সময় কাটাতে এসো না।

সিলিন্ডার থেকে গ্যাস ভরার এবং বেলুন চুপসে যাওয়ার। 

কিংবা চল্লিশ ডিগ্রি তাপমাত্রার বয়সী কোনো রম্য রমণীর;

অন্তর্বাস দুপুর সমান—ভালোবাসতে এসো না।


ভালোবাসা কোনো বিপণিবিতান থেকে কেনা সস্তা চটকদার লিপস্টিক নয়; ইচ্ছে হলো আর একটু প্রলেপ

এঁকে বিধ্বস্ত সূর্যাস্ত ঠোঁটে ঝটপট। ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘটঘট। এক দৌড়ে লিফটে উঠে—জিগজাগ রাখঢাকহীন

বাইশতলায় গেলাম চলে; কোনো ভ্যাগাবন্ড ফ্রেন্ডকে সময় দিতে সুইমিংপুলে...ভালোবাসা তেমনটি নয়।


ভালোবাসা হলো—জায়নামাজে নামাজের পর মোনাজাতে—প্রভুর প্রতি পবিত্র প্রার্থনা; একচ্ছত্র মৌনতা। 

সাদা সফেন মুনি-ঋষির ধ্যানমগ্নতা। সাত আসমান প্রতীয়মান স্বর্গসুখের মতো...অবিমিশ্র অমরাবতীর অমরতা...


যেভাবে ভালোবাসে নদী সমুদ্রকে...সমুদ্র পৃথিবীকে...পৃথিবী আকাশকে...আকাশ মহাশূন্যকে...আর  

কৃষ্ণবিবর ভালোবাসে অলক্তরাগ আলোকবর্ষকে...


সেভাবে পারলেই এসো—অলকানন্দা; নির্দ্বিধায় নীলিম  অসীম বহমান অনন্ত অভিমুখে...

_________________❤️_________________

আরও পড়ুন : হাসান ফরিদ সমগ্রঃ 

Post a Comment

0 Comments