জীবনের অঙ্ক
অভিজিৎ ব্যানার্জী
=====================
যোগের অঙ্ক শিখতে পারোনি
বিয়োগ শিখেছো শুধু,
বিরহ বিয়োগে কাতর পরানে
পাওনি যোগের মধু।
গুণহীন হয়ে জীবন সাগরে
ভাগ করে গেছো ভাই,
জীবন অঙ্কে মিলন পাওনি
বিষাদের সুরে ঠাঁই!
ষোলআনা ভাগ জীবনে চেয়েছো
কামনা সুখের ভোগ,
বারো-আনা তার শেষ হয়ে গেল
না পাওয়া ব্যথার রোগ।
চেয়ে গেছো শুধু দাওনি কিছুই
স্বার্থপরের মতো,
ভরে গেছো ঝুলি কাঁদিয়ে সমাজ
হৃদয়ে বেড়েছে ক্ষত।
কর্কট রোগে যন্ত্রণা সয়ে
মরণের পথে পাড়ি,
মরণের চোখ বলবে তখন
"জীবনের সাথে আড়ি"!
জীবন অঙ্ক ভীষণ জটিল
উত্তর মেলা ভার,
ত্যাগের মন্ত্রে পেতে পারো তুমি
এই জীবনের সার।
<><><><><><><><>

0 Comments