আমি জয় বাংলার লোক
____বাবুল আহমদ
হ্যাঁ আমি জয় বাংলার লোক,
কোনো সমস্যা? তুমি কি জানো না
আমার আছে তিরিশ লক্ষ শহীদের রক্ত ঋণ
আমার আছে দুই লক্ষ বীরাঙ্গণার অহংকার
আমার আছে নয়মাস মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা,
হ্যাঁ আমি জয় বাংলার লোক।
আমার আছে লাল সবুজের পতাকা,
আছে পঞ্চান্ন হাজার বর্গমাইলে পলল উর্বরা জমি
আছে দক্ষিণে বঙ্গোপসাগর আর উত্তরে পাহাড়
অবশ্যই আমি জয় বাংলার লোক।
আমার আছে জাতীয়তা,
আমার পরিচয় আমি বাঙালি,
আছে জাতিরজনক শেখ মুজিবের মত নেতা
আমার আছে ‘জয় বাংলা’ শ্লোগান
হ্যাঁ আমি জয় বাংলার লোক।
আমার আছে জাতীয় সঙ্গীত,
আমার আছে শহীদ মিনারের মর্যাদা, গৌরব,
আমার ভাষার স্বীকৃতি এখন বিশ্বজোড়া।
আমি জয় বাংলার লোক,
তাতে কারো কি কোনো সমস্যা?

0 Comments