আমার হৃদয়ের ফ্রাকচার।
_______অরন্য হাসান দেলোয়ার।
বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যা আকাশের তারা দেখছিলে,
না অন্য কিছু ঠিক জানি না
তোমার মন ভালো নেই সেটা বুঝেছিলাম
ওই চোখ দেখে
কেউ একজন বলছিলো তোমার হৃদয়ে ফ্রাকচার!
তা হঠাৎ হৃদয় আঘাত পেলো কোথায়?
মনের আঘাত কাউকে বুঝতে দিতে নেই
তাহলে যে আঘাত দিয়েছে সে আরো ভয়ংকর
হয়ে উঠতে পারে,তোমাকে দুর্বল ভেবে।
তোমার প্রেমিক,যে ছেলেটা নেশায় বুদ হয়ে থাকে
তার প্রেমে পড়েছিলে কিভাবে?
খুব জানতে ইচ্ছে করে।
মেয়েরা ছেলেদের কি দেখে প্রেমে পড়ে?
শত সহস্র কবিতা লিখেও একজন প্রেমিকা
জুটলো না কপালে,
আর বখাটে ছেলেরা বাইকের পেছনে
যাক,সে কথা___
তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়।
আমিও মন খারাপ করে বসে থাকি
তোমার বাড়ির উল্টো পাশে
ফুটপাতের চায়ের দোকানটায়,সিগারেট খাই
আর তোমাকে দেখি
আমার কবিতায় তুমি থাকো সবটা জুড়ে
তুমি জানো না,কখনো আমাকে দেখোই নি।
অথচ রোজ তোমার বাড়ির উল্টো পাশে
বসে থাকি আমি,
তাকিয়ে থাকি তোমার বারান্দার দিকে
কখনো কখনো তুমি আসোই না,
তোমাকে না দেখার কষ্ট নিয়ে ফিরে আসি
আমারও মন খারাপ হয়।
আমারও হৃদয়ে ফ্রাকচার।
©Aranna Hasan Delwar.

0 Comments