চিঠিটি আর দেয়া হয়নি.
_____অরন্য হাসান দেলোয়ার।
কতগুলো রাত জেগে,দিনের সকল কর্ম ফেলে
বিকেলের সুর্যডোবার সৌন্দর্য উপভোগ না করে
অনেক যত্ন নিয়ে লেখা একটি চিঠি
আজ অনেকদিন ধরে বুক পকেটে নিয়ে হাঁটছি
পাঠাবো পাঠাবো করে আর পাঠানো হয়নি।
তোমাকে চিঠি পাঠাবো কোন ঠিকানায়
সেই ঠিকানাটাই তো তুমি দাওনি কোনদিন
আকাশের ঠিকানায় পাঠালে কি তুমি পাবে?
আকাশ জানে তোমার ঠিকানা?
মনে আছে, এপ্রিলের এগার তারিখ
বিকেলে তুমি বাসা থেকে বের হয়েছিলে
আমাদের দেখা হবার কথা ছিলো
কিন্তু তুমি আর আসো নি...
আমি অপেক্ষায় থেকে একটা দুশ্চিন্তা নিয়ে
যখন রুমে ফিরে এলাম
মনটা ভীষণ রকম খারাপ ছিলো।
আমার মন খারাপ একসময় ঝড় বয়ে গেলো
আমার পুরোটা হৃদয় জুড়ে...
যখন খবরে জানতে পারলাম তোমার
রোড এক্সিডেন্টের কথা
দৌড়ে গেলাম হাসপাতাল মর্গে
তোমার আত্মীয় স্বজন,সহপাঠী সবাই ভীড় করে আছে
আমিও তাদের মধ্যে ভীড় ঠেলে এগিয়ে গেলাম
না,শেষ দেখাটা আর দেখা হয়নি তোমায়।
এরপর কেটে গেলো কয়েকটি বছর
প্রতি এপ্রিলের এগার তারিখ আমি
তোমার অপেক্ষায় বসে থাকি সেই স্থানটায়
যদি ভুল করে তুমি আসো!
জানি তুমি আর আসবে না,এই চিঠিটা
আমার বুক পকেটেই থেকে যাবে,
আর পাঠানো হবে না।
©Aranna Hasan Delwar.

0 Comments