"আমার বুকে মারো"
খন্দকার এম এ সালাম
সুশীল সভ্য তোমরা যারা যেখান থেকে পারো,
বিষাদের তীর ঘৃণার বুলেট আমার বুকে মারো।
ধিক্কার জানাও সবাই মিলে আমার ক্রিয়া কর্মের,
নীরব থেকে ক্ষতির কারণ হচ্ছি মহান ধর্মের।
ফিলিস্তিনে মুক্তিকামীর রক্তে বন্যা বহে,
দেখেও আমার পাষাণ হৃদয় নিশ্চিন্তে চুপ রহে!
ঐক্য গড়ে তুলছি না তাও জেনে-বুঝে আমি,
হচ্ছি না এই বিশ্ববাসীর চির কল্যাণকামী।
রাশি রাশি লাশের পাহাড় নিত্য দেখে শুনে,
আবাবিলের আশায় জীবন কাটাচ্ছি দিন গুনে।
রণতরী না বানিয়ে গড়ছি প্রোমোদতরী,
ভোগবিলাসে মত্ত থাকি স্রষ্টাকে না ডরি।
একটিবারও দিচ্ছি না বাঘ-সিংহের মতো গর্জন,
মুনাফিকি মন দিলে তাই বিধান করছি বর্জন।
আপন ভূমির সামরিক বল করতেছি না বৃদ্ধি,
পদলেহন করে স্বার্থ করতে চাচ্ছি সিদ্ধি।
উদাস জীবন যাপন করছি দায়দায়িত্ব ভুলে,
পথ ভ্রষ্টতা আমাদের এই দুরবস্থার মূলে।
আমার দ্বারা না হয় যদি ভূবণ কিঞ্চিৎ আলো,
আমার মতো অকর্মণ্য না থাকায় তো ভালো।
"সবাই অতুল দামি"
খন্দকার এম এ সালাম
কারোর অভাব হয় না পূরণ অন্য কারো দ্বারা,
তারাই বোঝে আপন জনের হারিয়েছে যারা।
এই দুনিয়ায় যার যেজন নাই সেই বোঝে তার মর্ম,
সবার আছে ব্যক্তিসত্তার স্বাতন্ত্র্য কাজ কর্ম।
মাতার অভাব খালা-ফুফুয় মেটে না তো কভু,
মাতার সম্মান সবার উপর দান করেছেন প্রভু।
পিতার সকল গুণাবলি চাচা-মামায় নাহি,
সারাজীবন তাই তো পিতার শ্রেষ্ঠত্বের গুণ গাহি।
পিতা-মাতা অদ্বিতীয় তাঁরাই জন্মদাতা,
আদর স্নেহে বড়ো করেন তাঁরাই পরম ত্রাতা।
পিতা-মাতার অবদানের যায় না দেওয়া মূল্য,
নাই তো কিছুই জগৎ মাঝে তাঁদের সমতুল্য।
পৃথিবীতে হয় না কেহ ভায়ের সমকক্ষ,
থাকলেও কভু বৈরিতা ভাই নিবেই ভায়ের পক্ষ।
বোনের কর্ম বোনে করে ভায়ের কর্ম ভায়ে,
স্বার্থত্যাগে অগ্রগামী বোনরা ভায়ের দায়ে।
ছেলের অভাব মেটে না যে থাকলেও হাজার মেয়ে,
জলের তৃষ্ণা নিবারিত হয় না তো ভাত খেয়ে।
রহমতের বন্যা বহে কন্যা থাকলে ঘরে,
পুত্র-কন্যা পিতা-মাতার হৃদয় শীতল করে।
সন্তানাদি কিছুই নাই যার তার মনে কী জ্বালা!
কেউ দেখে না কলিজায় তার তুষের অনল ঢালা।
দাদা-দাদি নানা-নানীর হৃদয় আদর ভরা,
তাঁদের উপস্থিতিতে রয় প্রফুল্ল এই ধরা।
পতি রতন সপ্ত মানিক চন্দ্র-সূর্য-তারা,
নারীর জীবন হয় অন্ধকার হইলে পতিহারা।
স্ত্রীর মূল্য বোঝা যায় সে গেলে বাপের বাড়ি,
অসুখ লাগে রয় যদিবা খানিকক্ষণ ঘর ছাড়ি।
স্ত্রীর প্রীতি ভালোবাসায় রয়েছে সুখ শান্তি,
তাহার হাসি মুখ দেখিলে দূর হয়ে যায় ক্লান্তি।
সব নিয়ামত স্রষ্টারই দান সবাই কল্যাণকামী,
আপন আপন অবস্থানে সবাই অতুল দামি।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
"দ্বীনের আলো ছড়া"
খন্দকার এম এ সালাম
দোষ দিবি না কারো মন তুই
নিজের দোষ খোঁজ আগে,
এতো বলার পরেও কেন্ তোর
বিবেকবোধ না জাগে!
কোন্ মানুষের কী গুণ আছে
তা কি সব তোর জানা?
সবকিছু না জেনে কারো
দোষ দিস না দিল কানা।
দোষ দিস যারে হতেও পারে
উত্তম সে তোর চেয়ে,
নিজ হৃদয়ের খবর নে তোর
মানবঘরে যেয়ে।
আমলনামা ভরা দেখ তোর
হাজার রকম দোষে,
অন্যের ছোট-খাটো ভুলে
মাতাল হোস কেন্ রোষে!
তোর মতো কেউ নয় তো অবোধ
তুই না কারো মতো,
আত্মশুদ্ধি করতে সদা
সৎ কর্মে থাক রত।
গোসাকে কর অবদমন
জাগ্রত কর প্রীতি,
অন্তরে রাখ মহান স্রষ্টার
আজাবের ভয় ভীতি।
নিজেকে দেখ ছোট করে
অন্যকে ভাব বড়ো,
সৃষ্টিকে দে ভালোবাসা
জীব হোক কিম্বা জড়ো।
সৃষ্টির স্রেষ্ঠ মানব জাতি
দোষে-গুণে গড়া,
দোষ না খুঁজে সঠিক বুঝে
দ্বীনের আলো ছড়া।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Watch full web series


0 Comments