Subscribe Us

মুহাম্মদ আমির হোসেন এর ৩টি কবিতা।

 

অ্যারণ বুসনেল

--- মুহাম্মদ আমির হোসেন


একটি মানচিত্রের জন্য এ-তো প্রেম!

তোমার দেহ, তোমার আত্মা 

এভাবেই শান্তি খুঁজে নিল! 

তোমার আত্মার বিস্ফারিত বিচ্ছুরণে 

আমি কান পেতে শুনি---

কী সুতীব্র চিৎকার তুমি ছুড়ে ছিলে 

দূতাবাস থেকে কোন বার্তা তোমাকে পৌঁছে দিলো

ওদের কানে পৌঁছাবে না তোমার কান্না 

কিন্তু তুমি কতটা ধারণ করেছো?

তোমার মানবিক চোখ

খুঁজে পেলো প্রেম মানুষের জন্য।


তুমি শুনতে পেয়েছো 

ফিলিস্তিনি মায়ের আর্তনাদ 

কবরের অন্ধকারে কিভাবে হারায়?

শিশুদের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ

গাজার মাটিকে কতটা উর্বর করেছে?

বৈশ্বিক ব্যঞ্জনা!

রক্ত আর মাছির ভনভনে 

কান পেতে শুনেছ ব্যথার নীল,

দীর্ঘ পঁচাত্তর বছরের কান্না--

তুমি কিভাবে শুনলে অ্যারণ বুসনেল?


তোমার মৃত্যু, মৃত্যু নয় 

আত্মার চিৎকার,

আমার শরীরের প্রতিটি পশমের কূপে

আগ্নেয় লাভা প্রবাহিত করে 

তুমি চলে যেতে পারো না, 

পঁচিশ বছরের টগবগে যুবক 

ভিসুভিয়াস হয়ে দেখিয়ে দিলে 

মার্কিন মূল্লুকে নয় সারা জাহানে 

তোমার মত প্রেমিক কেহ নেই,

তোমার আত্মা ভারবহ দায় বহন করেছিল--

তোমার জাতি, মার্কিন জাতীয়তাবাদ 

মানবতার নামে কি বপন করেছে?


গাজায় কেহ কেহ বারূদের গন্ধ শুষে

ধ্বংসস্তূপে খোঁজে লাশ আর লাশ 

বাফার জোনের কুটকৌশলে 

অ্যারণ বুসনেল তুমি খুঁজে নিলে প্রেম!

আর বারূদের পোড়া মাটিতে গুঁজে দিলে!

জায়নবাদীরা বোঝেনা সে ভাষা-- 

মার্কিন বাদিরা বোঝেনা সে ভাষা-- 

ভারতবাসীরা বোঝেনা সে ভাষা---

আর তুমি অ্যারণ বুসনেল!

পড়ে নিলে পৃথিবীর মুখ?

অ্যারণ বুসনেল 

তুমি প্রদীপ তুলে ধরেছ প্রতিমার মুখে 

তোমার আত্মা দেখে নিল প্রতিমার নগ্নরূপ,

ওরা মানুষ বোঝে না 

বোঝেনা মানুষের ভাষা 

অন্ধত্বের প্রতিবাদ তুমি, তুমি-ই প্রতিরূপ।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আরও কবিতা পড়ুন : রবীন্দ্রনাথ এখন ঢাকায়

  

Generated by Embed Youtube Video online

নন্দিত ভূমি চেতনার ধর্ষণে 

--- মুহাম্মদ আমির হোসেন


ভালো নেই, কেহ ভালো নেই 

রক্ত জবা শুকিয়ে গেছে তুমুল ফাল্গুনে 

চেতনার ঘর্ষণে তর্জনে উড়ে গেছে ঝরা পাতা 

নন্দিত ভুমি চেতনার ধর্ষণে মোড়া 

মুখোশে আবৃত সর্বজনীন জীবনের খাতা।


শোভিত অনু, তনু 

হা করলে বেরিয়ে আসে জিহ্বার অনল

বসন ছেড়া মৃত্রিকা মানচিত্র করছে কতল 

লিঙ্গ সুখের অমৃত সুধা যোনী মুখ তুলে 

দাঁড়িয়ে আছে রাজপথ বিপ্লবীরা ভুলে।


বুর্জোয়ার শকুন চোখ

বাণিজ্যের রব তুলে বৈঠকে রাজনীতিবিদ 

জননন্দিত মন্ডিত খন্ডিত ভোটের চেহলাম 

সভ্যতার অনেক পতিত ও পতিতারা 

তাদের কক্ষপথ ছেড়ে , বৈঠকে, আহা কি পেলাম!


কৃষিবিদ মহাকাশ গবেষণায় 

নর্তকী, নটরাজ, পেশীরাজ বৈঠকে 

ধর্ষিত চেতনার আস্ফালন অতুঙ্গে, মর্তলোকে 

জনভাগে দেশভোগ, জনতা দৌড়ে পালায় 

জনতার কেহ নেই, স্বাধীনতা এভাবেই হারায়।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

কঙ্কাল নদী

----- মুহাম্মদ আমির হোসেন


কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে নদী

একদিন; স্বপ্নের জোয়ার ছিল তার বুকে,

এখনও শা শা করে বয়ে যায় বাতাস, সময়,

নাতীদীর্ঘ স্বপ্নের ঝুল, তাও মরে শোকে।


মরু বাতাস দুলে উষ্ণ বিবরে হাহাকার

বরণমাল্য ক্ষরণ! কে রুখে? দুর্নিবার,

তীব্র দহনের অবশেষ থাকে কিছু ক্লেদ

উর্মির দোলে স্বপ্ন ছিল কতো-ই সফেদ!


মেহেদী পাতায় বাতাস খেলে, খেলে না!

প্রকৃতির দেয়া ঝরঝরে পরে, অনুশোচনা?

কিভাবে লুকায় মেহেদীর টইটুম্বুর পাতায়?

উপরে সবুজ ভেতরে রক্তাক্ত, জীবন পাতায়।


ক্ষরণ আর ক্ষতি নিয়ে থামে জীবনের গতি

লোভী স্বপ্নরা বারবার ফিরে, পায় না সম্মতি,

মরা স্বপ্নে আচ্ছন্ন, বহমান জীবনের ঘেরাটোপ

একদিন; স্বপ্ন ছিল তার, আজ দেখি মৃতের স্তূপ।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আরও পড়ুন কবিতা : গনতন্ত্রের কঙ্কাল

Generated by Embed Youtube Video online

Post a Comment

0 Comments