বৃষ্টি ঝরুক আরও
____নাসরীন জামান
বৃষ্টি ঝরুক, আজ সারারাত বৃষ্টি ঝরুক,
রাগ বেহাগের তবলার বোলে নাচুক মেঘের নটরাজ।
নষ্ট সময়ের যতো জমাট জঞ্জাল
ধুয়ে যাক, প্রকৃতি বিশুদ্ধ হোক,
ঘন বর্ষণের নিবিড় আলিঙ্গনে তলিয়ে যাক
জরা, ব্যাধি আর মৃত্যুর রোগ শোক।
পাপে নিমজ্জিত যখন রাষ্ট্র, সমাজ, সার্বভৌমত্ব,
কলঙ্কিত আমার একাত্তরের ইতিহাস
আমার প্রত্যয়ে তখন কবি হওয়ার স্বপ্ন নয়,
অনিয়মের ক্রান্তিকালে এ কলম চলুক নির্ভয়ে
নিষ্পেষিত বোবা জনতার মুক্তির গানে।
বৃষ্টি নামুক আরও জোরে — মেঘের হুংকারে
প্রকম্পিত হোক পুঁজিবাদীর পাপের পাহাড়,
পবিত্র মানচিত্রের বুক থেকে ধুয়ে যাক
অপবিত্র পায়ের যতো ছাপ,
ধুয়ে যাক তাজা খুনের ছোপ ছোপ দাগ।
পূর্ণ চাঁদের গ্রহণের কালের অন্ধকারে
তুমুল বৃষ্টির শব্দমুখর এই রাত
নিয়ে আসুক আমার রাত জাগা খোলা চোখে
একটা নিষ্কলুষ সোনালী সুপ্রভাত।
<<>><<>><<>><<>><<>>

0 Comments