খুব ইচ্ছে করে
____ কল্পনা দাস
খুব ইচ্ছে করে
তোকে ভুলে যেতে,
কখনোই যেন তোর কথা মনে না পড়ে।
তোর কথা ভেবে ভেবে মাথার যন্ত্রণাটা যেন, আর না হয়।
মাথার এই অসহ্য যন্ত্রণা কমানোর জন্য হিসেব ছাড়া চাও যেন খেতে না হয়।
খুব ইচ্ছে করে
তোর নামের স্মৃতির খাতাটা ছিঁড়ে ফেলতে,
বিষন্নতার যে কালো ছায়া আমায় আবদ্ধ করেছে, তা থেকে মুক্তি পেতে।
খুব ইচ্ছে করে
আমার আশে পাশে যারা আছে তাদের নিয়ে ব্যস্ত থাকতে।
এতো ব্যস্ত থাকি যেন, তুই নামক মানুষটিকে নিয়ে ভাবার বিন্দুমাত্র সময় না হয়।
একা, নির্জনে থাকার ইচ্ছেটাও যেন উবে যায়।
খুব ইচ্ছে করে
বিছানায় গা এলিয়ে দিতেই যেন ঘুম আসে।
সারারাত ঘুমোতে না পারার যন্ত্রণাটা আর যেন না হয়।
নিশুতি রাতে চোখের জলে বালিশ ভিজে না যায়।
চোখের নিচে যে কালো প্রলেপ পরেছে, সেই প্রলেপও যেন আর না থাকে।
খুব ইচ্ছে করে
ঐ তুইটাকে নিশ্চিহ্ন করে দেই হৃদয় থেকে।
যে তুইটা আমার সুখ হওয়ার কথা ছিলো, সেই তুইটাই এখন আমার সকল কষ্টের কারণ, ভালো না থাকার কারণ।
খুব ইচ্ছে করে
যে তুইটা কুয়াশাচ্ছন্ন আকাশের মতো আমার চারপাশ ঘিরে রয়েছে,
সেই কুৃয়াশা সরিয়ে রোদ ঝলমল আকাশ পেতে।
খুব ইচ্ছে করে
নতুন একটা সকাল পেতে।
যে সকালটিতে থাকবি না তুই, থাকবে না তোর কোনো স্মৃতি মায়া।
আমার যে আমিটাকে হারিয়ে ফেলেছি, সেই আমিটাকে ফিরে পেতে খুব খুব ইচ্ছে করে।

0 Comments