একটি বসন্তের অপেক্ষায়
এ.আলি
জীবনে অনেকগুলো বসন্ত পার করেছি
আরও একটি বসন্তের অপেক্ষায় আছি..
যে বসন্তে তুমি আসবে পলাশ ফুলের সাথে
লাল আভাতে ভরিয়ে দেব তোমার খোঁপা।
কোকিলের কুহু কুহু কলতান অনেক শুনেছি
বাতাসে গন্ধ পেয়েছি মিষ্টি আম্র মুকুলের
তবুও কাছ থেকে শুনিনি তোমার সুমিষ্ট স্বর
পাইনি তোমার গাঢ় নিঃশ্বাসের অন্তরঙ্গ ছোঁয়া।
নদীর জল অনেক বয়ে যেতে দেখেছি
ছিন্ন ভাসমান পাতার মতো সাথ দিয়েছি তাকে
আবার ফিরে এসেছি তীর বরাবর নদীকূলে
দুজনে একসাথে নদীর জলে মুখ দেখবো বলে।
অরণ্যের গলিপথ ধরে অনেক রাস্তা হেঁটেছি
শুকনো পাতার মর্মরধ্বনিতে অনেক দীর্ঘশ্বাস
চুপিচুপি গাছেদের অনেক কথাই শুনেছি
শুধু শোনা হয়নি তোমার কথাগুলো একান্তে।
সবুজ ঘাসের বাগিচায় যেখানে হলুদ ফুল ফোটে
ঘাসফড়িং যেখানে আনন্দে লাফালাফি করে
সূর্যের আলো যেখানে গাছের ফাঁকে হারিয়ে যায়
আমি সেখানেই হারিয়ে যাই তোমার খোঁজে।
পাখিদের কলকাকলিতে আমি আনমনা হই
দখিনের খোলা হাওয়া আমাকে বিচলিত করে
ফুলের গন্ধ আমাকে কাছে টানতে চায়
কিন্তু আমি সে তো অন্য বসন্তের প্রতীক্ষায়!
<><><><><><><><><><><><><><><><>
গোলাপের কান্না
এ.আলী
বাগানের এককোণে ফুটেছিল একটি গোলাপ
একটু একটু করে মেলে ধরেছিল নিজেকে
সূর্যের সাথে সখ্যতা করে হাসিমুখে চাইতো সে
বাতাসের সাথে খেলতে খেলতে দিন পার হতো
শিশিরসিক্ত হয়ে সলজ্জভাবে দৃষ্টিপাত করতো
বৃষ্টির জলে স্নান করে সে কলুষমুক্ত হতো
প্রখর রৌদ্রে তপ্ত দুপুরে সে ঝিমিয়ে পড়তো
কখনও ঝড়ের তান্ডবে লুটোপুটি খেতো
আবার রাতের আঁধারে নিজেকে গুছিয়ে নিয়ে
সকাল বেলায় হাসিমুখে সূর্যকে মুখ দেখাতো।
দিনে দিনে অনেক সুন্দরী হয়েছিল সে
কিন্তু সে তো প্রেম নিবেদন করতে পারে না
সে চেয়েছিল কারুর প্রেমের উপঢৌকন হতে
তারপর একদিন কলেজপড়ুয়া এক ছেলে
নতুন প্রেমের হাতেখড়ি করতে তাকে ছিঁড়লো
অনেক স্বপ্ন আর আশা নিয়ে গুঁজে দিলো
তার প্রেয়সীর হাতে ভালোবাসার জোয়ারে
কিন্তু হায়!সবাই কি প্রেমের মূল্য দেয়?
প্রত্যাখাত প্রণয়ে গোলাপ ছিন্নভিন্ন হলো
শুধু প্রেমিক নয় গোলাপ ও কাঁদলো সেদিন।
<><><><><><><><><><><><><><><><><>
শুধু তোমার জন্য
এ.আলি
অনেক যত্ন করে একটু সময় বাঁচিয়ে রাখি
আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকি
না বলা কথাগুলো বেদনার পাহাড়ে ঢাকি
শুধু তোমারই জন্য পাগল এ হৃদয় পাখি।
অনেক আলপনা দিয়ে তোমাকে সাজাই
কাছে নেই তবু তোমাকে চোখে না হারাই
মুছে যাওয়া দিনগুলির স্মৃতি হাতড়াই
তোমাকেই খুঁজে ফিরি চারিদিকে তাকাই।
দিবস রজনী করি একে একে পার
তবুও নামেনা অফুরান স্মৃতির ভার
ছিন্ন হয়েছে হৃদয়বীণার সূক্ষ তার
মনে আর বাজে না সুরের ঝংকার।
উপরের নীল আকাশ শূন্যতায় ভরা
তোমার অভাবে আমি একাকী মনমরা
কতশত দুঃখ অভিমান মনে দেয় ধরা
দিন কাটে বিষন্নতায় শুধু বিরহের খরা।
আসে দিন আসে রাত এক এক করে
সূর্য ডুবে যায় আকাশ জোছনায় ভরে
নির্ঘুম এই শরীরটা শুয়ে থাকে এ ধড়ে
মনটা উথালপাথাল হয় অনুভূতির ঝড়ে।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
ব্রা বাজার। কালেকশন ও দাম ক্লিক ছবি


0 Comments