Subscribe Us

প্রেমের ফাঁদ। ______অরন্য হাসান দেলোয়ার।

 
প্রেমের ফাঁদ।

______অরন্য হাসান দেলোয়ার। 


চৈত্রের বিদায়ে বৈশাখের আগমন বার্তায় আমি কোন ঝড়ের পূর্বাভাস পাই নি।

আকাশ কালো করে মেঘও আসেনি,বৃষ্টির জল হয়ে নেমে আসেনি ধরণীতে।

তবে বেশ পুরোনো হাওয়ার গন্ধ পেয়েছি আমি

যে গন্ধ একসময় আমাকে উম্মাদ করে দিতো।

এতো কাল পরে কে এলো আমার দরজার ওপাশে?

দরজা খুলতেই দেখি কোথাও কেউ নেই,

কখনোই কোথাও কেউ ছিলো না আমার।


আমার বসন্ত কখনোই রঙিন ছিলো না রঙধনুর মতো

পলেস্তারা পড়া দেয়ালের মতো ছিলো, 

কেউ একজন পৃথিবীর সকল রঙ নিয়ে এসেছিলো

আমার তেলচিটে পড়া জীবনে

নিজ হাতে ভালোবাসার তুলিতে রাঙিয়েছিলো

আমার জীবনের সব-কটি দেয়াল।

আমার দু'চোখ নীল রঙের একটি ঘরের স্বপ্ন বুনছিলো

সবকিছুর অজান্তে।


আমার সাদাকালো জীবন রঙের আধিক্য সহ্য করতে পারেনি,

তাই তো কোন এক অন্ধকার ভোরে 

আমার জীবনের সকল আলো নিয়ে চলে গেছে সে।

কেন এসেছিলো,কেন চলে গেলো? 

এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলো আমায়,

যার উত্তর আজও আমার কাছে নেই।


আমি শূণ্য হৃদয়ে একাকিত্বের দহনে পুড়ে

পুরোনো আমাকে ফিরিয়ে আনার চেষ্টায় 

যখন আমার কোথাও কেউ ছিলো না,

কষ্ট যন্ত্রণা,পাওয়া না পাওয়ার হিসাব কিছুই ছিলো না

আমি একলা একা মানুষ ছিলাম 

নির্মল সময়ের সঙ্গী হয়ে চলে যাচ্ছিলো জীবন।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments