গাধা
_____অরন্য হাসান দেলোয়ার।
আমি প্রতিবারই দেরি করে আসি,আর নিতু রাগ করে।
আজও আমি এসে দেখি নিতু বসে আছে।
সামনে গিয়ে দাঁড়াতেই রাগ করে অন্য মুখি হয়ে বসলো।
আমি পাশে বসে কাচুমাচু হয়ে বললাম,পানি ছিলো না
তাই ফ্রেশ হয়ে বের হতে একটু দেরি হয়েছে।
এর জন্য আমি ক্ষমা চাইছি।
আমি অবশ্য প্রতিবারই ক্ষমা চাই।
কখনো আমার বাসায় পানি থাকে না,কখনো গাড়ি পাই না,আবার গাড়ি পেলেও পকেটে টাকা থাকে না
বেশির ভাগ সময় আমি গেন্ডারিয়া থেকে টিএসসি হেঁটেই আসি।
আজ অবশ্য হেঁটে আসিনি।গাড়িতেই এসেছি।
বন্ধুরা গল্প করে,ওদের প্রেমিকা এটা করেছে এটা করেছে,আর আমি কেবল শুনে যাই।
বলতে পারি না কিছুই।
আমার দেরি হওয়া নিয়ে প্রথমে নিতু রাগ করে
তারপর টাকা বের করে দিয়ে বলে যাও বাদাম নিয়ে এসো।
আমি বাদাম এনে নিতুর হাতে দেই,নিতু ইশারায়
বাদামের খোসা খুলে দিতে বলে।
আমি ভদ্র ছেলের মতো বাদামের খোসা ছাড়িয়ে দেই
নিতু কুটকুট করে খায় আর চারদিকে তাকায়।
আমি বাতাসে উড়তে থাকা নিতুর চুল,গাল,কপালের টিপ,নরম ঠোঁট দেখে সময় পাড় করি।
বন্ধুরা বলে প্রিয়ার ঠোঁটে চুমু খেয়েছে।
আমি আজও নিতুর হাত ছাড়া অন্য কিছু স্পর্শ করার সাহসই পাই নাই।
নিতু প্রায়ই আমাকে গাধা বলে ডাকে।
আমার অবশ্য শুনতে খারাপ লাগে না,নিতুর কন্ঠে গাধা শুনতে আমার ভীষণ ভালোই লাগে।
আজ কেন জানি নিতুর ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে।
গোলাপি রঙের ঠোঁট দুটো ভীষণ টানছে আমাকে।
আমি একটু একটু করে নিতুর মুখের দিকে
আমার মুখ নিয়ে যাচ্ছি,নিতু অবাক হয়ে তাকিয়ে আছে
আমি নিতুর ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো নিয়েও
কেন যেন সরে এলাম।
নিতু, হঠাৎ বলে উঠলো "গাধা"।

0 Comments